
পর্যটন সংবাদ ডেস্ক: টাঙ্গুয়া হাওরে ঘুরতে এসে মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে পাঁচ পর্যটককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি ঘটে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায়। গতকাল বুধবার (২৫ জুন) রাতে মধ্যনগর বাজারসংলগ্ন একটি হাউসবোটে অভিযান চালিয়ে পর্যটকদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত পর্যটকরা হলেন—তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন ও আহমেদ মাহফুজ। এদের প্রত্যেকেই শিক্ষার্থী বলে জানা গেছে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, “আমরা খবর পাই যে, মধ্যনগর বাজারের পাশে একটি হাউসবোটে কয়েকজন তরুণ গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনা সত্য প্রমাণিত হলে তাদের আটক করা হয়।”
তিনি আরও বলেন, “দণ্ডপ্রাপ্তরা তাদের কাজের জন্য অনুতপ্ত ছিল। তবে হাওর এলাকায় যেকোনো ধরনের অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
টাঙ্গুয়া হাওর দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রকৃতির অনন্য সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশের হাজারো পর্যটক প্রতিনিয়ত ভিড় করেন এখানে। তবে ভ্রমণের নামে কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।



