
ছবি : সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রায় দেন।
প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। দীর্ঘ শুনানি ও রাষ্ট্রপক্ষের উপস্থাপিত প্রমাণ যাচাইয়ের পর এই রায় ঘোষণা করা হয়।
মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা—যিনি আসাদুজ্জামান খানের মতোই পলাতক। ট্রাইব্যুনাল জানিয়েছে, দুজনই বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাদের অনুপস্থিতিতেই মামলার বিচার কার্যক্রম সম্পন্ন হয়।
এ মামলায় একমাত্র হাজির থাকা আসামি ছিলেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি রাষ্ট্রপক্ষে রাজসাক্ষী হিসেবে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। সত্য প্রকাশে সহযোগিতার জন্য তার সর্বোচ্চ দণ্ডযোগ্য অপরাধ থাকলেও সাজা কমিয়ে পাঁচ বছরের কারাদণ্ড নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।
রায় ঘোষণার পর আদালত কক্ষে উপস্থিত রাষ্ট্রপক্ষ জানায়, এই সিদ্ধান্ত জুলাই অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এখন পলাতক দুই আসামির প্রত্যর্পণ ও রায় কার্যকরের পরবর্তী প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।



