১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু

পর্যটন সংবাদ ডেস্ক: গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। বুধবার (২০ আগস্ট) বিকেলে শহরের ব্যস্ততম পেত্রু রালি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সুদীপ ঘোষ (৪২) ও শরীয়তপুরের মোসলেউদ্দিন বাবু মোল্লা (৬৯)।

এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুদীপ ঘোষ ও মোসলেউদ্দিন বাবু মোল্লা কর্মস্থলে যাচ্ছিলেন মোটরসাইকেলে। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনটি সড়কের ডিভাইডার ও বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। ঘটনাস্থলেই প্রাণ হারান মোসলেউদ্দিন বাবু মোল্লা। গুরুতর আহত সুদীপ ঘোষকে দ্রুত নিকাইয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

নিহত সুদীপ ঘোষ দীর্ঘদিন ধরে এথেন্সে একটি গাড়ির শোরুমে চাকরি করতেন। তিনি স্ত্রী, এক কন্যাসন্তান ও বৃদ্ধা মাকে রেখে গেছেন। প্রায় দেড় বছর আগে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে দেশে গিয়েছিলেন তিনি।

মোসলেউদ্দিন বাবু মোল্লা ছিলেন বহু বছরের প্রবাসী শ্রমজীবী। শরীয়তপুরের দেশহাতরা গ্রামে তার শেকড়। কর্মজীবন শেষ করে বাড়ি ফেরার সুযোগ আর পাননি তিনি।

এই আকস্মিক মৃত্যুতে গ্রিসের প্রবাসী বাংলাদেশি সমাজে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর নিহতদের মরদেহ দেশে পাঠানো হবে।

একই দিনে দুই প্রবাসীর এমন মৃত্যু শুধু তাদের পরিবারকেই নয়, গোটা প্রবাসী সমাজকেও শোকে স্তব্ধ করেছে।

Read Previous

দাউদকান্দিতে ডিবি পরিচয়ে টাকা লুট: মূলহোতা সোলাইমান গ্রেফতার

Read Next

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular