১০/০৫/২০২৬
২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিয়াখালী সমুদ্রসৈকতে দোলনা নিয়ে তর্ক, পর্যটকদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৮

পর্যটন সংবাদ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে স্থানীয় দোকানদার ও পর্যটকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয় পর্যটকসহ মোট আটজন আহত হয়েছেন।

শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর প্রকৌশল বিভাগের ২২ জন শিক্ষার্থী বেড়াতে এসেছিলেন গুলিয়াখালীতে। সকালে সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে তাঁরা কয়েকটি কেওড়া গাছে বাঁধা দোলনায় বসে ছবি তোলেন এবং দৃশ্য উপভোগ করেন।

পর্যটকদের দাবি, দোলনায় বসার জন্য টাকা দিতে হয় তা তাঁরা জানতেন না। সকাল সাড়ে দশটার দিকে দুজন শিক্ষার্থী দোলনায় বসলে এক দোকানদার আপত্তি করেন। এ নিয়ে তর্ক বাঁধলে স্থানীয়রা একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পর্যটকদের ওপর হামলা চালান। আহতদের মধ্যে শেখ জাহিল আবরার, তাজিম, মো. রাজু, মো. ফজলে রাব্বি, মো. রাদ, সৈয়দ তাসফিকুল ইসলাম, মো. আলিফ ও মেহেদী হাসান রয়েছেন।

এক পর্যটক জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পর্যটকরা সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় গুলিয়াখালী সমুদ্রসৈকত কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম জানান, দোলনার দড়ি ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি মারামারিতে রূপ নেয়। সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, দুষ্কৃতকারীরা পালিয়ে গেছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সৈকত এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

Read Previous

প্রাণ গ্রুপের নতুন উদ্যোগ: গুলশানে চালু হলো থাই রেস্তোরাঁ ‘টুকটুক এক্সপ্রেস’

Read Next

ভেনিসের রোমান্টিক আবেশে ম্যানিলা: ভেনিস গ্র্যান্ড ক্যানেল মলের অপূর্ব আকর্ষণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular