
পর্যটন সংবাদ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ক্রেতাদের সুবিধার্থে দোকানপাট ও বিপণিবিতানের খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীরা সরকারের কাছে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন করেছিলেন। সরকার তা বিবেচনা করে রাত ১০টা পর্যন্ত অনুমতি দিয়েছে।
একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা দিয়ে বলা হয়েছে, অতিরিক্ত আলোকসজ্জা বা অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার যেন না করা হয়। এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা, কারণ এতে ঈদের কেনাকাটায় ক্রেতাদের সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।


