১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগান ও পাকিস্তানি নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আসছে  

নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নিষেধাজ্ঞায় আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নানা বিধিনিষেধ আরোপ হতে চলেছে বলে তিনটি সূত্র জানিয়েছে।

আগামী সপ্তাহের মধ্যে ওই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসতে পারে। ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের নিরাপত্তাঝুঁকি ও তাদের অতীত কার্যক্রম যাচাই-বাছাই করে একটি পর্যালোচনা দিতে যাচ্ছে। তার ভিত্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এ বিষয়ে জানেন, এমন তিনটি সূত্র রয়টার্সের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তাঁরা তাঁদের নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন। তাঁরা বলেছেন, তালিকায় আরও কয়েকটি দেশের নাম থাকতে পারে। কিন্তু কোন কোন দেশ, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না।এর আগে নিজের প্রথম মেয়াদে মুসলিম–অধ্যুষিত সাত দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। ওই নিষেধাজ্ঞা আরোপ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক ও নিন্দার ঝড় উঠেছিল। ২০১৮ সালে সুপ্রিম কোর্ট ট্রাম্পের এ আদেশের পক্ষে রায় দেন।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর ২০২১ সালে ট্রাম্পের আরোপ করা ওই ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। তিনি একে যুক্তরাষ্ট্রের জাতীয় মূল্যবোধের ওপর কলঙ্কের দাগ বলেছিলেন।

এখন নতুন করে ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপ ওই সব হাজারো আফগানের ওপর প্রভাব ফেলতে পারে, যাঁরা শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত হওয়ার অনুমোদন পেয়ে গেছেন বা বিশেষ শরণার্থী ভিসা পেয়েছেন।

আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে ২০ বছরের যুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে যেসব আফগান কাজ করেছেন, সাধারণত তাঁদের এ ভিসা দেওয়া হচ্ছে। তালেবান আবার ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করায় সে দেশে বসবাস ঝুঁকিপূর্ণ বিবেচনায় তাঁদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়।

গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছেন। ওই আদেশে বিদেশ থেকে যাঁরা যুক্তরাষ্ট্রে আসতে চান, তাঁদের অতীত খুব ভালোভাবে যাচাই করার বাধ্যবাধকতা জারি করেছেন। ট্রাম্পের যুক্তি, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাঝুঁকি কমাতে তিনি এ ব্যবস্থা নিয়েছেন।

ট্রাম্পের নির্বাহী আদেশে মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে ১২ মার্চের মধ্যে ওই সব দেশের একটি তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে, যেসব দেশের ওপর আংশিক বা পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কারণ, তাদের ‘অতীত যাচাই–বাছাই এবং পর্যবেক্ষণ তথ্যে অনেক ঘাটতি আছে’।

ওপরের তিনটি সূত্র এবং অন্য একজন (তিনিও নাম প্রকাশ করতে চাননি) বলেছেন, যেসব দেশের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে, তার মধ্যে আফগানিস্তান একটি।

পাকিস্তানের নামও ওই তালিকায় সুপারিশ করা হয়েছে বলে ওই তিনটি সূত্র জানিয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

Read Previous

রোহিঙ্গাদের খাবারে বরাদ্দ কমানোর পরিকল্পনা জাতিসংঘের

Read Next

‘হানি বার্ড’ ক্যাম্পেইন বিজয়ীরা পেলেন ইন্দোনেশিয়া ভ্রমণের প্যাকেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular