
পর্যটন সংবাদ ডেস্ক : পাঁচ ঘণ্টার এক নিয়মিত বিমানযাত্রা হঠাৎই রূপ নেয় স্মরণীয় ঘটনায়। যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ার লাইন্স–এর একটি ফ্লাইটে অবতরণের মাত্র আধা ঘণ্টা আগে এক গর্ভবতী নারী বিমানের ভেতরেই সুস্থ কন্যাসন্তানের জন্ম দেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বিমান সংস্থাটি।
গত শুক্রবার সন্ধ্যায় আটলান্টা থেকে পোর্টল্যান্ড–এর উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। স্থানীয় সময় রাত ১০টায় পোর্টল্যান্ডে নামার কথা থাকলেও তার আগেই যাত্রীরা প্রত্যক্ষ করেন এক বিরল মুহূর্ত। গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা না করেই পৃথিবীর আলো দেখে নবজাতকটি।
বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রসবের সময় কেবিন ক্রু দ্রুত পরিস্থিতি সামাল দেন। পাশাপাশি ফ্লাইটে থাকা স্বেচ্ছাসেবী চিকিৎসাকর্মীরাও সহায়তায় এগিয়ে আসেন। ডেল্টার এক মুখপাত্র জানান, জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবিলায় তাদের কেবিন ক্রুরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ক্রুরা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি নেন। পোর্টল্যান্ডে নামার পরপরই বিমানবন্দরের চিকিৎসা দল মা ও নবজাতককে প্রয়োজনীয় সেবা দেয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মা ও শিশুকন্যা দুজনেই সুস্থ আছেন।
উল্লেখ্য, অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা প্রসবের সম্ভাব্য সময়ের কাছাকাছি গর্ভবতী নারীদের ভ্রমণে সীমাবদ্ধতা আরোপ করলেও ডেল্টা এয়ার লাইন্সে এমন কঠোর নীতি নেই। ঘটনার পর মা ও নবজাতকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।
সূত্র: এএফপি


