পর্যটন সংবাদ ডেস্ক: হলিউডের অস্কারজয়ী অভিনেতা ও নির্মাতা রবার্ট রেডফোর্ড পর্দার আলো থেকে চিরবিদায় নিয়েছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী—এমনটাই জানিয়েছেন তার মুখপাত্র।
ষাটের দশকের শুরুতে থিয়েটার মঞ্চে পথচলা শুরু করেন রেডফোর্ড। ১৯৬৩ সালে ব্রডওয়ের নাটক বেয়ারফট ইন দ্য পার্ক তাকে আলোচনায় আনে। সেই নাটক থেকেই নির্মিত ১৯৬৭ সালের চলচ্চিত্রে অভিনয় করে তিনি আরও জনপ্রিয়তা পান।
সত্তরের দশকে রবার্ট রেডফোর্ড হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। ১৯৭৩ সালে দ্য স্টিং ছবিতে অভিনয়ের জন্য অস্কারের সেরা অভিনেতার মনোনয়ন পান। সেই ছবিই তাকে আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে নিয়ে যায়।
পরিচালনায়ও সমান সাফল্য দেখিয়েছেন তিনি। ১৯৮০ সালে ওর্ডিনারি পিপল পরিচালনার জন্য অস্কারে সেরা পরিচালকের পুরস্কার জেতেন। একই বছর ছবিটি সেরা চলচ্চিত্রের খেতাবও অর্জন করে। পরে ১৯৯৪ সালে তার নির্মিত কুইজ শোও অস্কারে মনোনীত হয়।
অভিনয়ে শেষ দিকের কাজ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান (২০১৮)-এর পর আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন রেডফোর্ড। তবে তার স্মরণীয় অভিনয় আর নির্মাণ এখনো দর্শকদের মনে বেঁচে আছে।
হলিউডে ছয় দশকের ক্যারিয়ারে রবার্ট রেডফোর্ড শুধু অভিনয় কিংবা পরিচালনার জন্যই নয়, সাংস্কৃতিক অবদানের জন্যও ইতিহাসে অমর হয়ে থাকবেন।



