পর্যটন সংবাদ ডেস্ক: দেশের সুপ্রিম কোর্টে নতুন অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর, অ্যাডভোকেট মো. লুৎফর রহমান। মঙ্গলবার (২৬ আগস্ট) তিনি বাকি ২৪ জন নতুন বিচারকের সঙ্গে শপথ গ্রহণ করেন।
সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে তার শ্বশুরের নিয়োগের প্রসঙ্গ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, লুৎফর রহমান ১৯৯১-৯২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং ভর্তি পরীক্ষায় উচ্চ স্থান অর্জন করেন। পরে তিনি এলএলবি ও এলএলএম শেষ করে ১৯৯৮ সালে আইন পেশায় প্রবেশ করেন। ২০০৬ সালে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন এবং বর্তমানে হাইকোর্ট ও আপিল বিভাগে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সারজিস আলম আরও উল্লেখ করেন, লুৎফর রহমান ইতিমধ্যেই শতাধিক জুনিয়র আইনজীবী ও নিম্ন আদালতের আইন পেশাজীবীদের জন্য পথপ্রদর্শক হিসেবে পরিচিত। নবগঠিত ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ কর্তৃক সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে সারজিস আলম বলেন, “আমার শ্বশুরের যোগ্যতা ও পরিশ্রমকে একপাশে রেখে তার সঙ্গে আমার নাম টেনে আনা সংকীর্ণ মানসিকতার পরিচয়।”
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সোমবার (২৫ আগস্ট) রাতে এই ২৫ জনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৯ জন বিচার বিভাগের কর্মকর্তা, ৯ জন আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা রয়েছেন।



