সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ ৮ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীতে ছয়তলা ভবনের মালিক হওয়া সত্ত্বেও মিথ্যা তথ্য দিয়ে পূর্বাচল আবাসিক প্রকল্পে ১০ কাঠা প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৬ আগস্ট) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ৪ আগস্ট প্রধান কার্যালয় থেকে মামলার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

মামলার আসামিরা:

  1. সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
  2. রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা
  3. রাজউকের সদস্য (অর্থ) আ ই ম গোলাম কিবরিয়া
  4. সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার
  5. সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার
  6. সদস্য (এস্টেট) আখতার হোসেন ভুঁইয়া
  7. সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম
  8. সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই

অভিযোগের বিবরণ:

এজাহার অনুযায়ী, প্রধান বিচারপতি থাকাকালে খায়রুল হক ঢাকায় নিজের নামে থাকা প্রায় ১৮ কাঠা জমির ওপর ছয়তলা বাড়ির তথ্য গোপন করে মিথ্যা হলফনামা দাখিল করেন। এর মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের নামে ১০ কাঠা প্লট বরাদ্দ নিয়ে অবৈধভাবে সুবিধা গ্রহণ করেন।

দুদকের অনুসন্ধানে আরও জানা যায়, ২০০৯ সালে প্রথম কিস্তির সুদসহ টাকা পরিশোধ না করায় তার বরাদ্দ বাতিল হয়। পরবর্তীতে সুদের ৪ লাখ ৭৪ হাজার টাকা মওকুফ করে পুনরায় বরাদ্দ প্রদান করে আসামিরা রাষ্ট্রীয় ক্ষতি সাধন করেন।

আইন লঙ্ঘনের অভিযোগ:

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৬১/১৬৩/৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, তারা সরকারি দায়িত্বে থেকেই ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করেছেন।

অতীত প্রেক্ষাপট:

২০২৩ সালের জুলাইয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিতর্কিত রায় এবং ‘জাল রায়’ দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়। চলতি বছরের ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা কয়েক দফায় নবায়ন করা হয়।

 

Read Previous

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে

Read Next

রাজউক বোর্ড সভায় সম্মানী বাড়ানোর সিদ্ধান্তে সমালোচনা-আলোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular