সাকিবের ঐতিহাসিক মাইলফলক: টি-টোয়েন্টিতে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেট

পর্যটন সংবাদ ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি স্পর্শ করলেন এক অনন্য মাইলফলক।

দুই ওভারে মাত্র ১১ রান খরচে ৩ উইকেট শিকার করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এর মধ্যে পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ানকে ফিরতি ক্যাচ নিয়ে তিনি পূর্ণ করেন ৫০০ উইকেট। এর পর আরও দুই শিকার ধরে তার মোট উইকেট সংখ্যা দাঁড়াল ৫০২।

শুধু তাই নয়, বিশ্ব ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট ও ৭ হাজার রানের অনন্য ডাবল ছুঁয়েছেন। বাঁহাতি বোলার হিসেবে এমন কীর্তিও আগে কারও নেই।

ম্যাচ শেষে সাকিব বলেন, “এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। লম্বা ক্যারিয়ারে যা কিছু অর্জন করতে পেরেছি, তাতে আমি গর্বিত।”

এর আগে টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৫ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন তিনি, যেখানে নিতে পেরেছিলেন মাত্র ১ উইকেট। তাই অপেক্ষাটা দীর্ঘ হচ্ছিল। সাকিবের ভাষায়, “গত কয়েক ম্যাচে বেশি বোলিং না করতে পেরে কিছুটা হতাশা কাজ করছিল। তবে যখন সুযোগ এসেছে, তখন অবদান রাখতে পেরেছি।”

এই সফরে সাকিবের সঙ্গে আছেন তার স্ত্রী ও তিন সন্তানও। ম্যাচের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত শেয়ার করছেন তিনি। সাকিব বলেন, “পরিবার পাশে থাকলে অনেক কিছু সহজ হয়ে যায়। এখন গ্রীষ্মকালীন ছুটি, তাই ওরা এখানে এসেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের গুরুত্ব আরও বেড়ে যায়।”

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সাকিবের এই অর্জন যুক্ত হলো এক নতুন অধ্যায় হিসেবে। বিশ্বমঞ্চে তিনি আবারও প্রমাণ করলেন, কেন তাকে সর্বকালের সেরা অলরাউন্ডার বলা হয়।

Read Previous

বাল্টিমোরে সেনা পাঠানোর হুমকি, গভর্নর-প্রেসিডেন্ট দ্বন্দ্ব তীব্র

Read Next

ইসরায়েলি সেনাপ্রধানের সতর্কবার্তা: বন্দিবিনিময় প্রস্তাব গ্রহণের আহ্বান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular