পর্যটন সংবাদ ডেস্ক:জাতীয় ও লালনগীতির অমর কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা গুরুতরভাবে অবনতি হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
শিল্পীর ছেলে ইমাম নিমেরী জানিয়েছেন, বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ফরিদা পারভীন নিজে থেকে শ্বাস নিতে পারছেন না। তার রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেছে, ব্লাড প্রেসারও নেই। চিকিৎসার পরও তেমন সাড়া পাওয়া যায়নি।
৭১ বছর বয়সী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন। নিয়মিত কিডনি ডায়ালাইসিসের মধ্যে আছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হন, জুলাইয়ে দুই সপ্তাহ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন, এবং সেপ্টেম্বরে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফরিদা পারভীন নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান দিয়ে তার সংগীতজীবন শুরু করেন, কিন্তু পরে পুরোপুরি লালনগীতিতে মনোনিবেশ করেন। পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি লালনের গানকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে অবিরাম কাজ করে যাচ্ছেন। সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৭ সালে তিনি একুশে পদকও লাভ করেন।
সঙ্গীতপ্রেমীরা বর্তমানে তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।



