
পর্যটন সংবাদ ডেস্ক: জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি ট্রাইব্যুনাল-১ এ উপস্থিত হন। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত প্যানেলে তার অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করবেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এরপর দুপুরে এ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর ৪৬তম সাক্ষী হিসেবে মাহমুদুর রহমানের সাক্ষ্য শুরু হয়, তবে সেদিন শেষ না হওয়ায় আজ পর্যন্ত মুলতবি করা হয়েছিল। এ মামলায় এখন পর্যন্ত মোট ৪৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে আদালতে হাজির হয়ে শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছিল বলে স্বীকার করেন এবং এজন্য ক্ষমা চান।
গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশব্যাপী হত্যাযজ্ঞের বীভৎস বর্ণনা তুলে ধরেছেন প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
উল্লেখ্য, গত ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। পাঁচটি অভিযোগের ওপর ভিত্তি করে তৈরি আট হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্রে তথ্যসূত্র, জব্দতালিকা, প্রমাণাদি ও শহীদ পরিবারের তালিকা যুক্ত করা হয়েছে। সাক্ষী হিসেবে রাখা হয়েছে ৮১ জনকে।



