বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি: ইলন মাস্কের নতুন রেকর্ড

ইলন মাস্ক এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। টেসলা কোম্পানির মালিক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক তার সম্পদে নতুন এক রেকর্ড গড়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ এখন প্রায় ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলার। এই অর্থে, তিনি ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হিসেবে পরিচিত হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচকের মাধ্যমে দ্য নিউজ ইন্টারন্যাশনাল এমন খবর প্রকাশ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর থেকেই হুহু করে বাড়ছে টেসলার শেয়ারের দাম। এর মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে শীর্ষ ধনীর স্থানটি দখল করে নিয়েছেন ইলন মাস্ক।

মার্কিন নির্বাচনের দিন থেকে টেসলার শেয়ারের দাম ৪০ শতাংশ বেড়েছে। শুধু গত শুক্রবারেই শেয়ারের দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩৫২ দশমিক ৫৬ ডলার পর্যন্ত উঠতে দেখা গেছে। তিন বছরের বেশি সময়ের মধ্যে এ দর সর্বোচ্চ।

এর মধ্য দিয়ে মাস্কের সম্পদের পরিমাণ ৭০০ কোটি ডলার বেড়েছে। এতে তার নিট সম্পদের পরিমাণ আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আগের রেকর্ডটি হয়েছিল ২০২১ সালের নভেম্বরে। তখন তার নিট সম্পদের পরিমাণ ছিল ৩২ হাজার ৩০ কোটি ডলার।

ট্রাম্পের সঙ্গে মাস্কের ঘনিষ্ঠ সম্পর্ক পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস এনে দিয়েছে। ট্রাম্পের প্রতি সমর্থন জানানোর পর তার প্রচারণা তহবিলে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি জমা দেন মাস্ক।

ট্রাম্প তার প্রশাসনে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’র চেয়ারপারসন হিসেবে ইলন মাস্ককে নিয়োগ দিতে যাচ্ছেন। এটি একটি নতুন অধিদপ্তর হবে। সেখানে মাস্কের পাশাপাশি জৈবপ্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামীও কাজ করবেন।

টেসলা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ যান তৈরির মতো উদ্যোগগুলোও ইলন মাস্কের সম্পদ বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

বিশ্বে ধনীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ল্যারি এলিসনের চেয়ে শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৮ হাজার কোটি ডলার বেশি। ল্যারি এলিসনের মোট সম্পদের পরিমাণ ২৩ হাজার ৫০০ কোটি ডলার।

 

Read Previous

মৎস্য আহরণ বন্ধের সময় নির্ধারণে দ্রুত কমিটি গঠনের নির্দেশ

Read Next

একনেকের বৈঠকে ৫ নতুন প্রকল্প অনুমোদিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular