
নিজস্ব প্রতিবেদক। পর্যটন সংবাদ :দেশের স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগগুলোতে দেশীয় মূলধনের প্রবাহ বাড়াতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি (বিএসআইসি)’ নামের ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মটির মূলধন ৪২৫ কোটি টাকা (প্রায় ৩৫ মিলিয়ন ডলার)।
মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই তহবিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাফিজুর রহমান।
বিএসআইসি প্রাথমিকভাবে সিড, লেট-সিড এবং সিরিজ-এ পর্যায়ের স্টার্টআপগুলোতে বিনিয়োগ করবে। শেয়ারহোল্ডার ব্যাংকগুলো প্রতি বছর তাদের নিট মুনাফার একটি অংশ এই তহবিলে জমা দেবে, যার মাধ্যমে তহবিলটি এককালীন নয় বরং ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে। বাংলাদেশ ব্যাংকের নীতিগত সহায়তায় পরিচালিত এই প্ল্যাটফর্মটি পুরোপুরি প্রুডেনশিয়াল ফ্রেমওয়ার্কের আওতায় থাকবে।
অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই উদ্যোগ স্টার্টআপ বিনিয়োগে আত্মবিশ্বাস সৃষ্টি করবে এবং ক্রিয়েটিভ ইকোনমির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জোর দিয়ে বলেন, এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হবে না এবং আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
গভর্নর ড. মোস্তাফিজুর রহমান বলেন, আর্থিক খাতের উন্নয়নে উদ্ভাবন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এমন প্রতিষ্ঠান অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন যে, এই তহবিলের সুফল প্রান্তিক পর্যায়ের মানুষ পর্যন্ত পৌঁছাবে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে এখন পর্যন্ত দেশের স্টার্টআপ খাতে ৪৫০টির বেশি চুক্তির মাধ্যমে ১০০ কোটি মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ এসেছে। তবে এর মধ্যে দেশীয় মূলধনের অংশ ছিল মাত্র ৭ শতাংশেরও কম। বিশ্লেষকরা মনে করছেন, বিএসআইসি এই ব্যবধান কমিয়ে দেশীয় উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে।
প্রতিবেদক : ফরহাদ আলম


