পর্যটন সংবাদ ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, তাদের বিমানে করে পশ্চিমবঙ্গের বাগডোগরায় নেওয়া হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ সীমান্তে হস্তান্তর করা হবে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ২০ জন নারী ও ৩ জন পুরুষ। পুনে পুলিশের বিদেশি নিবন্ধন দপ্তর (এফআরও) জানিয়েছে, দুপুর ১টা ২১ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে তাদের বাগডোগরায় পাঠানো হয়।
পুলিশের দাবি, এই বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে পুনেতে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করছিলেন। অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে সম্প্রতি শুরু হওয়া অভিযানের অংশ হিসেবেই তাদের আটক করা হয়েছে।
মহারাষ্ট্র পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন এলাকায় আরও বাংলাদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করছেন। আগামী কয়েক সপ্তাহে এমন আরও অভিযান চালিয়ে তাদের ফেরত পাঠানোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
ভারতের বিভিন্ন রাজ্যে অতীতে একাধিকবার বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার ও ফেরত পাঠানো হয়েছে। বিশেষ করে মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি ও কলকাতায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হয়।



