
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশে মৌসুমি বায়ুর প্রভাবে চলতি সপ্তাহজুড়ে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গেছে। বর্তমানে মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগেও বৃষ্টি হতে পারে। রোববার (২১ সেপ্টেম্বর) একই ধারা অব্যাহত থাকতে পারে, তবে এ সময় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। তবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি চলবে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিকে বৃষ্টি কিছুটা কমলেও সপ্তাহের শেষ দিকে আবারও বৃষ্টির মাত্রা বাড়তে পারে।
ভ্রমণপিপাসুদের জন্য পরামর্শ: সপ্তাহজুড়ে ভ্রমণে বের হলে অবশ্যই ছাতা বা রেইনকোট সঙ্গে রাখতে হবে। পাহাড়ি এলাকা বা নদীপথে ভ্রমণের সময় সতর্ক থাকতে হবে এবং আবহাওয়ার সর্বশেষ খবর নিয়মিত অনুসরণ করা জরুরি।



