পর্যটন সংবাদ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায়। এবার তিনি পেন্টাগনের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অব ডিফেন্সকে ফিরিয়ে নেওয়া হচ্ছে পুরনো নামে—ডিপার্টমেন্ট অব ওয়ার বা যুদ্ধ মন্ত্রণালয়।
শুক্রবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করার কথা রয়েছে। তবে পুরোপুরি বাস্তবায়নের জন্য কংগ্রেসের অনুমোদন লাগবে। নাম পরিবর্তন হলে বর্তমান প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ নতুন পরিচয়ে পরিচিত হবেন ‘যুদ্ধ সচিব’ হিসেবে।
১৭৮৯ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের ওয়ার ডিপার্টমেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে নতুন নামে আত্মপ্রকাশ করে। ট্রাম্প মনে করছেন, পুরনো নাম ফিরিয়ে আনলে যুক্তরাষ্ট্রের শক্তি ও যুদ্ধ-প্রস্তুতির বার্তা আরও পরিষ্কারভাবে বিশ্বে ছড়িয়ে পড়বে।
এই পরিবর্তনে সরকারের বিভিন্ন দপ্তর, প্রতীক, ইউনিফর্ম থেকে শুরু করে ইমেইল ঠিকানাও পাল্টাতে হবে। মার্কিন গণমাধ্যম বলছে, এতে খরচ হবে এক বিলিয়ন ডলারেরও বেশি।
ট্রাম্পের যুক্তি, ডিপার্টমেন্ট অব ওয়ার নামেই যুক্তরাষ্ট্র দুই বিশ্বযুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল। তাই এই উদ্যোগ কংগ্রেসে সমর্থন পাবে বলে তার আশা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার ২০০তম নির্বাহী আদেশ।
এ সিদ্ধান্ত এমন সময়ে এলো যখন চীন নতুন সামরিক মহড়া ও আধুনিক অস্ত্র প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে কড়া বার্তা দিচ্ছে।



