
খাগড়াছড়ি প্রতিনিধি। পর্যটন সংবাদ: খাগড়াছড়িতে চলমান সড়ক অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা। শনিবার (৪ অক্টোবর) সকালে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবিক দিক বিবেচনা ও প্রশাসনের আশ্বাসে আংশিকভাবে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অবরোধ পুরোপুরি তুলে নেওয়া হয়েছে।
অবরোধ প্রত্যাহারের পর জেলা প্রশাসনও জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে ১৪৪ ধারা। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শের ভিত্তিতে শিগগিরই ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হবে।”
এর আগে, খাগড়াছড়িতে এক মারমা স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র জনতা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছিল। পরবর্তীতে গত মঙ্গলবার রাত ১১টার দিকে তা ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়।
উল্লেখ্য, ওই ধর্ষণ ঘটনার পর ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর ও গুইমায় ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে তিনজন পাহাড়ি নিহত হন, আহত হন সেনা কর্মকর্তাসহ অনেকে। গুইমারার রামসু বাজার ও আশপাশের দোকানপাট ও বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ছাড়া জেলা সদরের মহাজনপাড়া, নারিকেল বাগান ও স্বনির্ভর বাজার এলাকায় বহু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের শিকার হয়, যার ফলে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।
পরিস্থিতি এখন অনেকটাই শান্ত হলেও, স্থানীয়রা প্রশাসনের কাছে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।



