কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা বিতর্কে বাধ্যতামূলক ছুটিতে

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন আর্থিক গোয়েন্দা সংস্থা (বিএফআইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলাম আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর মঙ্গলবার জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওটি ১৪ আগস্ট থেকে বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া শুরু হয় এবং ১৮ আগস্ট থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রযুক্তি বিভাগ প্রাথমিকভাবে ভিডিওটি সঠিক বলে নিশ্চিত করেছে।

এছাড়া বিতর্কিত পরিবহন ব্যবসায়ী খন্দকার এনায়েত উল্লাহর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পর প্রায় ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেওয়ার বিষয়েও তদন্ত চলছে। জানা গেছে, বিএফআইউ গত বছর নভেম্বর মাসে খন্দকার এনায়েত উল্লাহ ও তার পরিবারের ৫০টি অ্যাকাউন্টে ১২০ কোটি টাকা ফ্রিজ করেছিল। তবে চলতি বছরের এপ্রিলে চারটি অ্যাকাউন্টে প্রায় ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হয়। এই ঘটনায় অনৈতিক সুবিধা নেওয়া হয়েছে কিনা তাও যাচাই করা হবে।

বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এতে অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করা হয়নি।

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের মুখে বিএফআইউ’র তৎকালীন প্রধান পদত্যাগ করেন। দীর্ঘদিন শূন্য থাকার পর চলতি বছরের জানুয়ারিতে শাহীনুল ইসলাম এই পদে নিয়োগ পান।

Read Previous

সিলেটের উৎমাছড়ায় বিপুল পরিমাণ অবৈধ পাথর উদ্ধার

Read Next

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular