কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান সিন্দুক খুলে মিলল ৩২ বস্তা টাকা

পর্যটন সংবাদ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক আবারও খুলে মিলেছে বিপুল পরিমাণ টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ১৫ মিনিটে মসজিদের নিচতলায় রাখা ১৩টি সিন্দুক একে একে খোলার পর দেখা যায় ৩২ বস্তা ভর্তি টাকা।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও কঠোর নিরাপত্তার মধ্যে সিন্দুক খোলার কাজ সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিতে মসজিদ প্রাঙ্গণে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

দানবাক্স থেকে সংগৃহীত টাকা মসজিদের দোতলায় নেওয়া হলে শুরু হয় গণনার কাজ। প্রায় আড়াই শতাধিক মাদ্রাসাশিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের ৮০ জন কর্মকর্তা-কর্মচারী মিলে এই গণনায় অংশ নিচ্ছেন। সব মিলিয়ে সাড়ে চার শতাধিক লোক টাকার হিসাব কষায় যুক্ত হয়েছেন।

এর আগে গত ১২ এপ্রিল দানবাক্স খুলে সর্বোচ্চ ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকার বেশি পাওয়া গিয়েছিল। তার আগেরবার, গত বছরের ৩০ নভেম্বর, পাওয়া যায় ৮ কোটি ২১ লাখ টাকারও বেশি। স্থানীয় প্রশাসনের ধারণা, এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার হাছান মাহমুদ জানিয়েছেন, টাকা গণনা থেকে ব্যাংকে জমা দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের অন্যতম দর্শনীয় ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত পাগলা মসজিদ শুধু আধ্যাত্মিক দিকেই নয়, দান ও উদারতার অনন্য নিদর্শন হিসেবেও পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

Read Previous

কাকরাইলে সংঘর্ষের প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভের ঘোষণা

Read Next

ভরা মৌসুমেও পদ্মা-মেঘনায় ইলিশের হাহাকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular