
পর্যটন সংবাদ ডেস্ক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বড় ধরণের ধীরগতি দেখা দিয়েছে। জুলাই মাসে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ০.৬৯ শতাংশে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জানিয়েছে, চলতি অর্থবছরে মোট এডিপি বরাদ্দ ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। এর বিপরীতে জুলাই মাসে ব্যয় হয়েছে মাত্র ১ হাজার ৬৪৪ কোটি টাকা।
আইএমইডির হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, জুলাইয়ে কোনো খরচই করতে পারেনি ১২টি মন্ত্রণালয় ও বিভাগ। এর মধ্যে রয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সংসদবিষয়ক সচিবালয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তর।
গত কয়েক বছরের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এডিপি বাস্তবায়নের হার ধারাবাহিকভাবে কমছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে এ হার ছিল ১.০৫ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ১.২৭ শতাংশ, আর ২০২২-২৩ অর্থবছরে ০.৯৬ শতাংশ। সবচেয়ে বেশি বাস্তবায়ন হয়েছিল ২০১৯-২০ অর্থবছরে, তখন হার ছিল ১.৮৩ শতাংশ।
এডিপি বাস্তবায়নের এই ধীরগতিকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। গত রোববার (১৭ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ স্পষ্টভাবে বলেন, জুলাইয়ে ১ শতাংশের কম বাস্তবায়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের এ ধীরগতি নিয়ে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বছরের শেষে এডিপি বাস্তবায়ন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে বড় শঙ্কা তৈরি হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।



