ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব, পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী

পর্যটন সংবাদ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলকে দায়ী করে তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছিলেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্দক্যাম্প। কিন্তু জোটসঙ্গীদের আপত্তিতে সেই প্রস্তাব গৃহীত হয়নি। এর পরই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

শনিবার এক বিবৃতিতে ভেল্দক্যাম্প বলেন, “আমি সরকারের বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু জোটসঙ্গীদের আপত্তির পর বুঝতে পারি, এই সরকারে থেকে আমি নিজের নীতি ও দলের অবস্থান বাস্তবায়ন করতে পারব না। তাই পদত্যাগ করলাম।”

৬১ বছর বয়সী এই কূটনীতিক দীর্ঘদিন রাষ্ট্রদূত ও সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ক্ষমতাসীন জোট সরকারের শরিক দল সোশ্যাল কন্ট্রাক্ট পার্টি (এনএসসি)-এর অন্যতম নেতা ছিলেন।

ভেল্দক্যাম্পের পদত্যাগের পর এনএসসি-এর প্রেসিডেন্ট এডি ভ্যান হিজাম ঘোষণা দেন, তারাও জোট সরকার থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “এক কথায় বলতে গেলে— এই সরকারের সঙ্গে আমাদের যাবতীয় সম্পর্ক শেষ।”

প্রসঙ্গত, এর আগে গত জুনে অভিবাসন নীতি নিয়ে দ্বন্দ্বের জেরে কট্টরপন্থি নেতা গ্রিট ওয়াইল্ডারসের দল জোট সরকার থেকে সরে গেলে নেদারল্যান্ডসের চার দলীয় সরকার কার্যত ভেঙে পড়ে। পরে সিদ্ধান্ত হয়, আগামী অক্টোবর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ততদিন পর্যন্ত এই সরকার তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করবে।

নতুন এই পদত্যাগ সেই তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎকেও অনিশ্চিত করে তুলেছে।

সূত্র: আরটি, রয়টার্স

Read Previous

গাজায় একদিনে নিহত ৬৩, অনাহারে আরও ৮ জনের মৃত্যু

Read Next

ঢাকা-পাকিস্তান বৈঠক: একাধিক চুক্তি সইয়ের পথে দুই দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular