
পর্যটন সংবাদ ডেস্ক: ইতালির বহুল প্রতীক্ষিত তিন বছর মেয়াদি স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে বৃহস্পতিবার (৩১ জুলাই)। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ বিদেশি শ্রমিক নেয়ার এই কর্মসূচিতে বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তবে নির্ধারিত ২৩ হাজার কোটার বিপরীতে ইতোমধ্যেই দুই লাখের বেশি আগাম ফরম জমা পড়েছে—যা আবেদনকারীদের মধ্যে তীব্র প্রতিযোগিতার ইঙ্গিত দেয়।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভিসার মূল আবেদন প্রক্রিয়া শেষে সংশোধনের জন্য ১৫ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে। এরপরে ‘ক্লিক ডে’ অনুষ্ঠিত হবে ১ অক্টোবর সকাল ৯টায়, যেখানে চূড়ান্ত আবেদনকারীদের আবেদন জমা পড়বে নির্ধারিত সময়ের ভিত্তিতে।
এদিকে আবেদন প্রক্রিয়াকে কেন্দ্র করে কিছু অসাধু দালাল ও প্রতারকচক্র সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। একটি চক্র মিথ্যা দাবি করছে যে, ক্লিক ডে’র আগের দিনেও আবেদন করা যাবে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
এই অবস্থায় বাংলাদেশের আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালির প্রবাসী ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। তারা বলেন, “ভুয়া মালিক, দালাল এবং অনিয়ম রোধে এবারের সফটওয়্যারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আবেদনকারী ও নিয়োগদাতার তথ্য এখন স্বয়ংক্রিয়ভাবে যাচাই হচ্ছে, যা জালিয়াতি ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে।”
বিশেষজ্ঞরা আরও বলেন, ২০২৫ সালের স্পন্সর ভিসায় যারা ইতোমধ্যেই আবেদন করেছেন তাদের উচিত প্রতিটি ধাপে সতর্ক থাকা এবং যাচাই-বাছাই করে তথ্য উপস্থাপন করা। দালালদের মিথ্যা আশ্বাস বা বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে পা না দিতে সকলকে পরামর্শ দিয়েছেন তারা।
উল্লেখ্য, ইতালি সরকার ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে আরও পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। গত ৩০ জুন মন্ত্রিসভায় পাস হওয়া আইনটি সেপ্টেম্বর মাসে গেজেট আকারে প্রকাশিত হবে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের কোটা অনুযায়ী চলতি বছরের শেষদিকে নতুন ফরম পূরণের কার্যক্রম শুরু হতে পারে।



