
পর্যটন সংবাদ ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর এবার একীভূতকরণ উদ্যোগে সম্মতি জানিয়েছে ইউনিয়ন ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত বৈঠকে ব্যাংকটির চেয়ারম্যান এম ফরিদ উদ্দীন ও ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবির এ সম্মতির কথা জানান।
সভায় ভার্চুয়ালি অংশ নেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। উপস্থিত ছিলেন চার ডেপুটি গভর্নর ও রেজল্যুশন বিভাগের কর্মকর্তারা।
বৈঠক শেষে চেয়ারম্যান ফরিদ উদ্দীন বলেন, “আমানতকারীরা টাকা তুলতে আসছেন, কিন্তু আমরা দিতে পারছি না। যত দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত হবে, ততই ভালো। একীভূতকরণ, পুনর্গঠন বা অন্য যেকোনো সমাধান—যা প্রয়োজন তাই হতে পারে।”
তিনি আরও জানান, ইউনিয়ন ব্যাংক থেকে প্রায় ২৮ হাজার কোটি টাকা তুলে নিয়েছে এস আলম গ্রুপ। যাদের নামে ঋণ নেওয়া হয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ফলে আমানতকারীদের টাকা ফেরত দিতে জটিলতা তৈরি হয়েছে।
আজ বিকেলে এক্সিম ব্যাংকের সঙ্গে এবং বৃহস্পতিবার সকালে গ্লোবাল ইসলামী ব্যাংক ও বিকেলে সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।



