
পর্যটন সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনের অংশ হিসেবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এসেছে ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলারে। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের মে ও জুন মাসের আকু বিল বাবদ ২ হাজার ১৯ দশমিক ৪৫ মিলিয়ন ডলার বা প্রায় ২ দশমিক ০১ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে ৭ জুলাই। এর ফলে ওইদিন পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৯ দশমিক ৩১ মিলিয়ন ডলার।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রণীত ‘ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল সিক্সথ এডিশন’ (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন ২৪ হাজার ৪৫৮ দশমিক ৯৩ মিলিয়ন ডলার বা ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
এর আগে, জুলাই মাসের ২ তারিখ পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১ হাজার ৭১৭ দশমিক ৭৬ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৬ হাজার ৬৮৬ দশমিক ৯০ মিলিয়ন ডলার।
প্রসঙ্গত, নিট রিজার্ভ বা প্রকৃত রিজার্ভ নির্ধারণে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে হিসাব করা হয়, যা আইএমএফের বিপিএম-৬ নির্দেশনা অনুযায়ী বিবেচিত হয়ে থাকে।
বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য এবং আমদানি সক্ষমতার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে রিজার্ভের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভের এই হ্রাস স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হলেও রপ্তানি আয় ও রেমিট্যান্স বৃদ্ধির মাধ্যমে তা পুনরায় বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।



