
পর্যটন সংবাদ ডেস্ক: ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না:
টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রীজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টীল, শাহরিয়ার স্টীল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকা।
এ ছাড়া, এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তিতাস গ্যাসের পক্ষ থেকে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সকাল থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে, যাতে গ্যাস সংযোগ বন্ধ থাকাকালে কোনো সমস্যা না হয়।
উল্লেখ্য, ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ৯টি খালের উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে গ্যাস পাইপলাইন সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়, যার ফলস্বরূপ এই সাময়িক বিঘ্ন।



