
পর্যটন সংবাদ ডেস্ক: দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর কাতারের আকাশসীমা আবারও উন্মুক্ত হয়েছে, ফলে পুনরায় সচল হয়েছে দোহাগামী ফ্লাইট চলাচল। কাতারে সাময়িক সংকটের কারণে স্থগিত হয়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা রওশন কবীর ‘পর্যটন সংবাদ’কে জানান, কাতারের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় দোহাগামী একটি ফ্লাইট ওমানের মাস্কটে অবতরণ করে এবং সেখান থেকে ফুয়েল নিয়ে ঢাকায় ফিরে আসে। আকাশসীমা পুনরায় খুলে দেওয়ায় সেই ফ্লাইটটি আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় দোহা উদ্দেশ্যে রওনা হয়।
তিনি আরও বলেন, মাস্কটে আটকে পড়া যাত্রীদের হোটেল ও বিমানবন্দরে রাখা হয়েছিল এবং দোহা হয়ে জেদ্দা যাওয়ার যাত্রীদেরও নতুন করে ব্যবস্থা করা হয়েছে।
রওশন কবীর নিশ্চিত করেন, “এখন আর কোনো সমস্যা নেই। কাতারের আকাশসীমা বন্ধ থাকায় শুধুমাত্র দোহা রুটে সাময়িক অসুবিধা হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের অন্য কোনও গন্তব্যে এবং হজ ফ্লাইটে এর কোনো প্রভাব পড়েনি।”
উল্লেখ্য, সোমবার (২৩ জুন) রাত ১১টার দিকে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে ইরান সমর্থিত হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে কাতার তাৎক্ষণিকভাবে তার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। তবে পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও আকাশসীমা উন্মুক্ত করা হয়।
দোহা ও জেদ্দার উদ্দেশ্যে যাত্রাপ্রত্যাশী যাত্রীদের জন্য এই খবর নিঃসন্দেহে স্বস্তিদায়ক, বিশেষ করে চলমান হজ মৌসুম ও পর্যটন ভ্রমণকে কেন্দ্র করে যাদের পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।



