
বিশ্বজুড়ে মুসলিম পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় বিশ্ব পর্যটন শিল্পের চিত্রেও আসছে পরিবর্তন। মুসলিম পর্যটকদের চাহিদা মাথায় রেখে হালাল খাবার, নামাজের স্থান ও ধর্ম–সংবেদনশীল সেবার মান উন্নত করছে অনেক অমুসলিম দেশ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘গ্লোবাল মুসলিম ট্রাভেল ইনডেক্স (GMTI) ২০২৫’।
মাস্টারকার্ড-ক্রিসেন্ট রেটিং যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করে, যেখানে ১০টি মুসলিম এবং ১০টি অমুসলিম দেশের মধ্যে সবচেয়ে মুসলিমবান্ধব ভ্রমণ গন্তব্যগুলো চিহ্নিত করা হয়েছে। সিঙ্গাপুর এ তালিকায় টানা কয়েক বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে। এবার দেশটি পেয়েছে ৭১ পয়েন্ট, যা ২০২৪ সালের তুলনায় ৫ পয়েন্ট বেশি।
মুসলিম পর্যটকদের পরিসংখ্যান
- ২০২৪ সালে বিশ্বজুড়ে মুসলিম পর্যটকের সংখ্যা ছিল ১৭৬ মিলিয়ন, যা ২০২৩ সালের তুলনায় ২৫% বেশি।
- ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে ২৪৫ মিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
- সেসময় মুসলিম পর্যটকদের ব্যয় দাঁড়াতে পারে ২৩০ বিলিয়ন মার্কিন ডলার।
বিশেষত ৬০ বছরের ঊর্ধ্ব মুসলিম পর্যটকেরা এখন মোট ভ্রমণ ব্যয়ের প্রায় ১৫ শতাংশ খরচ করেন। ২০৩০ সালের মধ্যে এ ব্যয় পৌঁছাতে পারে ২.৬৩ ট্রিলিয়ন ডলারে। এই গোষ্ঠী সাধারণত অফ-সিজনে, আরামদায়ক ও দীর্ঘমেয়াদি ভ্রমণ পছন্দ করে এবং তুলনামূলক বেশি খরচ করতেও প্রস্তুত থাকে। ফলে এই শ্রেণির ভ্রমণকারীরা পর্যটনখাতে ব্যবসার বড় সুযোগ হিসেবে বিবেচিত।
মুসলিমবান্ধব সেবা বাড়ছে
প্রতিবেদন অনুযায়ী, মুসলিম পর্যটকদের সুবিধার্থে অমুসলিম দেশগুলো এখন—
- হালাল সার্টিফায়েড রেস্তোরাঁ,
- নামাজের উপযোগী স্থান এবং
- ধর্ম–সংস্কৃতি সম্পর্কে প্রশিক্ষিত আতিথেয়তা কর্মী গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে।
২০২৫ সালের শীর্ষ ১০ মুসলিমবান্ধব অমুসলিম দেশ
১. সিঙ্গাপুর
২. যুক্তরাজ্য
৩. হংকং
৪. তাইওয়ান
৫. থাইল্যান্ড
৬. আয়ারল্যান্ড
৭. অস্ট্রেলিয়া
৮. ফিলিপাইনস
৯. স্পেন
১০. জার্মানি
এ বছর প্রথমবারের মতো শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছে রাশিয়া ও কানাডা। এছাড়া নিউজিল্যান্ড, ম্যাকাও, তানজানিয়া ও কেনিয়াও তালিকায় যুক্ত হয়েছে।
সূত্র: মাস্টারকার্ড ডটকম | GMTI 2025 রিপোর্ট



