
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নে অবস্থিত এ দ্বীপে বসবাস করে প্রায় ১০ হাজারের বেশি মানুষ। তাদের অধিকাংশ জীবিকা আহরন করে পর্যটন শিল্প এবং সাগরে মাছ ধরারে। কিন্তু বর্তমানে পর্যটক আগমন ও মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকায় দ্বীপবাসী মানবেতর জীবন পার করছে।
দ্বীপে অধিকাংশ দোকান, হোটেল, রেস্টুরেন্ট, কটেজ, রিসোর্টসহ পর্যটনকেন্দ্রিক সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। জেলেদের মাছ ধরার নৌকা ঘাটে নোঙর করা। দ্বীপের বহু মানুষ আজ বেকার। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবার চরম অভাব-অনটনের মধ্যে দিন পার করছে। স্থানীয়দের চলাচলের ক্ষেত্রেও প্রশাসনের কঠোর নজরদারি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
দ্বীপের এক জেলে বলেন, ‘ছোটবেলা থেকে সমুদ্রে মাছ ধরে সংসার চালাতাম। এখন মাছ ধরা বন্ধ, তাই ডাব বিক্রি শুরু করি। কিন্তু তাতেও চলছে মন্দা। আগে দিনে ৮-১০ হাজার টাকা বিক্রি হতো, এখন ৪-৫শ টাকাও বিক্রি হয় না। দ্বীপে পর্যটক না থাকায় সংসার চলছে না। এমনকি অনেক সময় উপোস থাকতে হচ্ছে।’সকলেই দ্রুত এর আশু সমাধান চাইছেন।



