১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে নাক, কান ও গলার সাধারণ সমস্যা ও সমাধান

রমজান মাসে রোজা রাখার ফলে শরীরে কিছু পরিবর্তন ঘটে যা নাক, কান ও গলার  বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। পর্যাপ্ত পানি গ্রহণ না করা, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং দীর্ঘ সময় না খাওয়ার ফলে কিছু সাধারণ সমস্যা দেখা দেয়। নিচে রমজানে দেখা দেওয়া নাক, কান ও গলার সাধারণ  সমস্যাগুলো এবং এর সমাধান তুলে ধরা হলো।

১. গলা শুকিয়ে যাওয়া, গলাব্যথা ও টনসিলের সমস্যা :

দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে গলা শুষ্ক হয়ে যায়। রমজানে ঠান্ডা পানীয় ও ভাজাপোড়া খাবার বেশি খাওয়ার কারণে টনসিলের সমস্যা বেড়ে যেতে পারে। ফলে গলাব্যথা বা অস্বস্তি অনুভূত হতে পারে।

সমাধান:

• ইফতার ও সেহরিতে প্রচুর পানি পান করা।

• কুসুম গরম পানি ও মধু মিশিয়ে পান করা।

• ধোঁয়াযুক্ত স্থান এড়িয়ে চলা।

• ঠান্ডা পানীয় ও অতিরিক্ত ঝাল খাবার এড়িয়ে চলা।

• কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলি করা।

• পর্যাপ্ত বিশ্রাম নেওয়া।

• প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেওয়া।

২. মুখের দুর্গন্ধ: দিনব্যাপী মুখ শুষ্ক থাকার কারণে মুখে দুর্গন্ধ হতে পারে।

সমাধান:

• নিয়মিত মিসওয়াক বা ব্রাশ করা।

• বেশি করে পানি পান করা।

• ইফতার ও সেহরিতে দই ও ফলমূল খাওয়া।

• মুখে মাউথওয়াশ ব্যবহার করা (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)।

৩. নাক বন্ধ হয়ে যাওয়া ,সাইনাসের ব্যথা:

শুষ্ক আবহাওয়া, ইফতার –এ বেশি করে ঠান্ডা পানি পান করা ও দীর্ঘ সময় পানি কম পান করার ফলে নাক বন্ধ হওয়ার সমস্যা দেখা দিতে পারে। নাক বন্ধ থাকলে সাইনাসে ব্যথা (মাথা ব্যথা) অনুভূত হয়। রোজার সময় পানিশূন্যতার কারণে এই সমস্যা তীব্র হতে পারে।

সমাধান:

• নাকে স্যালাইন স্প্রে ব্যবহার করা।

• কুসুম গরম পানিতে ভাপ নেওয়া।

• প্রচুর পানি পান করা।

• ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করা।

• ইফতার ও সেহরিতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া।

• মাথা উঁচু করে ঘুমানো।

৪.  কানের সমস্যা:

• নাক বন্ধ হওয়ার সমস্যার ধারাবাহিকতায় কানে চাপ বা ব্যথা অনুভূত হতে পারে।

সমাধান:

• ঠান্ডা পানীয় এড়িয়ে চলা।

• কানে পানি প্রবেশ করা এড়ানো।

• কটন বাড ব্যবহার না করা।

• প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া।

রমজানে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা অত্যন্ত জরুরি। উল্লেখিত  সমস্যাগুলি এড়াতে পর্যাপ্ত পানি পান করা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। সামান্য সচেতনতায় রমজান মাসে সুস্থ ও আরামদায়কভাবে ইবাদত করা সম্ভব।

ডাঃ মোস্তফা  কামাল  আরেফিন, এফসিপিএস , এমসিপিএস , এফএসিএস (আমেরিকা), ডিএলএসবি  (ভারত)। নাক কান গলা বিশেষজ্ঞ  , ঢাকা  মেডিকেল কলেজ  হাসপাতাল।  কনসালটেন্ট , পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ (ধানমন্ডি) ,ইবনে সিনা ডায়াগনস্টিক লিঃ ( লালবাগ)।

Read Previous

ভারত সীমান্তে তুরস্কের তৈরি নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ

Read Next

এস আলম পরিবারের ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular