
ছবি : সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট প্রায় এক বছর দুই মাস বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে। আগামী ২৭ জুলাই থেকে এই গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে নিশ্চিত করেছে বিমান।
প্রাথমিক পর্যায়ে সপ্তাহে একটি ফ্লাইট চলবে। পরবর্তীতে যাত্রী চাহিদা বাড়লে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা হবে। ২০২৫ সালের ১ জুলাই অপারেশনাল চাপ, হজ ফ্লাইটের ব্যস্ততা ও উড়োজাহাজের স্বল্পতার কারণে রুটটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
আজ সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সচিবালয়ের তথ্য অধিদফতরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সম্মেলনে উপদেষ্টা আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত ফ্লাইটের সময়সূচি, ফ্রিকোয়েন্সি ও অন্যান্য বিস্তারিত তথ্য জানাবেন।
বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, শিক্ষা ও জনসম্পর্ক দ্রুত বাড়ছে। এই সরাসরি যোগাযোগ পুনরায় চালু হওয়াকে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে রুটটি আগেও চালু হয়েছিল, কিন্তু পরবর্তীতে বাণিজ্যিক চ্যালেঞ্জের মুখে বন্ধ হয়ে যায়।
আজকের সংবাদ সম্মেলনে ফ্লাইট চালুর বিস্তারিত কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরও তথ্য প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।



