
পর্যটন সংবাদ ডেস্ক : রবিবার মাতৃ দিবস উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে ব্র্যাক ব্যাংক তারা ব্যাংকিং-এর উদ্যোগে আয়োজিত হয়েছে “দ্য মাদারহুড মুভমেন্ট”। এই অভিনব অনুষ্ঠানে উদ্যোক্তা মা, কর্পোরেট নেতৃত্ব ও পেশাজীবীরা একত্রিত হয়ে মাতৃত্ব ও ব্যবসায়িক উদ্যোগের মেলবন্ধন ঘটিয়েছেন।
হোটেলের ২৫তম তলার বলরুমে দিনব্যাপী এই আয়োজনের মূল আকর্ষণ ছিল ঢাকার প্রথম ‘মাদার্স মার্কেট’। এতে ৩০টি নারী-নেতৃত্বাধীন ব্র্যান্ড তাদের হস্তশিল্প, স্বাদু খাবার, ফ্যাশন, গয়না ও গৃহসজ্জার পণ্য প্রদর্শন করে। শুধু বাণিজ্যিক প্রদর্শনী নয়, এই মার্কেট উদ্যোক্তা মায়েদের ব্যক্তিগত সংগ্রাম, দৃঢ়তা ও সাফল্যের গল্প শেয়ার করার এক অন্তরঙ্গ মঞ্চ হয়ে উঠেছিল।
“আবেগ, শক্তি ও সম্ভাবনা” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানের নেতৃত্ব অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নেন এসএইচভি এনার্জির তসলিমা জয়গিরদার, ব্যারিস্টার মিতি সানজানা, রবি আজিয়াটার অনামিকা ভক্তা এবং ব্র্যাক ব্যাংকের তাপতী বোসসহ বিশিষ্ট নারী নেতৃত্ব।
অনুষ্ঠানে ‘অনুপ্রেরণাদায়ী মায়েদের পুরস্কার’ প্রদান করা হয়। এতে সম্মানিত হন সুমিস হট কেক লিমিটেডের ফারজানা শেখ সুমি, সাইমা শওকত, ফারজানা রহমান বেনু, আঞ্জুমানা শীলাসহ একাধিক নারী উদ্যোক্তা।
ক্রাউন প্লাজার জেনারেল ম্যানেজার কার্থি ভিকে ও ব্র্যাক ব্যাংক তারা হেড মেহরুবা রেজা নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে আরও বড় প্ল্যাটফর্ম তৈরির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আয়োজকরা জানিয়েছেন, এটি ছিল শুধু শুরু। ভবিষ্যতে আরও বৃহত্তর আয়োজনের মাধ্যমে এই মুভমেন্টকে আরও বিস্তৃত করা হবে।


