
পর্যটন সংবাদ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’–এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। নীতিমালার মূল লক্ষ্য হলো দেশব্যাপী স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করা, জনসাধারণের মধ্যে টয়লেট ব্যবহার ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং জনস্বাস্থ্যের মান উন্নয়ন করা। বিশেষ করে নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট নির্মাণের উপর জোর দেওয়া হয়েছে।
নীতিমালায় টয়লেটের দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা, অর্থায়ন, পর্যবেক্ষণ ও যুগোপযোগী করার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারবিধি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে কার্যক্রম নেবে। সড়ক ও মহাসড়কে নারী-পুরুষের জন্য পৃথক টয়লেট স্থাপন, প্রতিটি টয়লেটে সেপটিক ট্যাংক নির্মাণ এবং বর্জ্য যাতে নদী-খালে না পড়ে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নীতিমালা বাস্তবায়নে প্রত্যেক মন্ত্রণালয়কে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।


