২৩/০৪/২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিলে দৌড়ে তুলে ধরা হবে দেশের সৌন্দর্য ২৫ এপ্রিল ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন–২’ আয়োজন করছে এটিজেএফবি

পর্যটন সংবাদ ডেস্ক : এভিয়েশন ও পর্যটন খাতকে সামনে আনতে আবারও দৌড়ের আয়োজন করছে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)। আগামী ২৫ এপ্রিল শনিবার রাজধানীর হাতিরঝিল এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন–২)’। গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও এই আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে রিদম গ্রুপ এবং পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল-এ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২৫ এপ্রিল সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হবে ৭.৫ কিলোমিটার প্রতিযোগিতামূলক রান এবং ২ কিলোমিটার ফান রান। এভিয়েশন ও পর্যটন খাতের পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি–পেশার এক হাজারের বেশি দৌড়বিদ এতে অংশ নেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি তিনি এই আয়োজনের মাধ্যমে দেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার গুরুত্ব নিয়েও কথা বলবেন বলে আশা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, এই রানের মূল উদ্দেশ্য শুধুই খেলাধুলা নয়; বরং দেশের এভিয়েশন ও পর্যটন খাতকে সাধারণ মানুষের কাছে নতুনভাবে উপস্থাপন করা। তাঁর ভাষায়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এটিজেএফবি দীর্ঘদিন ধরে পর্যটনভিত্তিক নানা উদ্যোগ নিয়ে কাজ করছে, যারই ধারাবাহিকতা এই দ্বিতীয় আয়োজন।

রানের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানান এটিজেএফবির যুগ্ম সাধারণ সম্পাদক ও রেস ডিরেক্টর শফিউল্লাহ সুমন এবং সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব। তারা জানান, দৌড়ের পাশাপাশি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলার চেষ্টা থাকবে। অংশগ্রহণকারীদের জন্য মেডেল, র‍্যাফেল ড্র এবং রান শেষে মেডেল ফটো কনটেস্টও থাকছে।

এই আয়োজনকে আরও আকর্ষণীয় করতে অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন আয়রনম্যান ফেরদৌসী আক্তার মারিয়া ও ডা. নাসরীন আক্তার শিমু। ইনফ্লুয়েন্সার, গেস্ট রানার ও পেসারদের অংশগ্রহণে ইভেন্টটি প্রাণবন্ত রূপ পাবে বলে আশা করছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন বলেন, গত বছর এই রানের সঙ্গে যুক্ত হয়ে তারা ইতিবাচক সাড়া পেয়েছেন। ভবিষ্যতে এটিকে আন্তর্জাতিক পরিসরে নেওয়ার পরিকল্পনাকেও তারা সমর্থন করবেন। তিনি জানান, র‍্যাফেল ড্রয়ের জন্য ঢাকা–রোম–ঢাকা ও ঢাকা–দিল্লি–ঢাকা রুটের বিমান টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার দেবে রিদম গ্রুপ।

এছাড়া অন্যতম স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিজয়ীদের জন্য ঢাকা–কক্সবাজার–ঢাকা, ঢাকা–মালদ্বীপ–ঢাকা এবং ঢাকা–ব্যাংকক–ঢাকা রিটার্ন টিকিট প্রদান করা হবে। পাশাপাশি নভোএয়ারসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এই আয়োজনের সহযোগী হিসেবে যুক্ত রয়েছে।

সব মিলিয়ে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন–২’ শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং দেশের পর্যটন ও এভিয়েশন খাতকে একসাথে তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম হতে যাচ্ছে—এমনটাই মনে করছেন আয়োজক ও সংশ্লিষ্টরা।

Read Previous

এগ্রিট্যুরিজম যা তৈরি করে কৃষি, গ্রাম ও অর্থনীতিকে এক সুতোয় বাঁধার নতুন সম্ভাবনা

Read Next

কেয়ার অর্থনীতির শক্তিতে নতুন দিগন্ত: লিঙ্গসমতা ও কর্মসংস্থানে জাতীয় ঐকমত্য গড়তে ঢাকায় কনক্লেভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular