
পর্যটন সংবাদ ডেস্ক : ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান যোগাযোগে আবারও গতি আসছে। গ্লোবাল টাইমস–এর এক সংবাদ প্রতিবেদন অনুযায়ী, এয়ার চায়না বেইজিং–দিল্লি সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে। এতে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল ও যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, এয়ার চায়না মঙ্গলবার থেকে বেইজিং ও দিল্লির মধ্যে সরাসরি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। এটি চলতি মাসে চীনা কোনো বিমান সংস্থার ভারতে পুনরায় চালু করা দ্বিতীয় সরাসরি রুট। এয়ারবাস ৩৩০ উড়োজাহাজ দিয়ে সপ্তাহে তিন দিন—মঙ্গলবার, শুক্রবার ও রবিবার—এই ফ্লাইট পরিচালিত হবে। ইকোনমি ক্লাসের ভাড়া শুরু হবে প্রায় ৩,৫৭০ ইউয়ান থেকে। ফ্লাইটটি বেইজিং থেকে বিকেল ৩টা ১৫ মিনিটে ছাড়বে এবং স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটে দিল্লিতে পৌঁছাবে।
এই উদ্যোগটি এসেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স–এর সাম্প্রতিক ফ্লাইট পুনরায় চালুর পরপরই। গত ১৮ এপ্রিল সংস্থাটি কুনমিং ও কলকাতার মধ্যে তাদের সরাসরি পরিষেবা আবার শুরু করে। সংবাদে উল্লেখ করা হয়, ২০২৫ সালের নভেম্বরে সাংহাই–দিল্লি রুট পুনরায় চালুর পর এটি ছিল চায়না ইস্টার্নের চীন–ভারত নেটওয়ার্ক সম্প্রসারণের সর্বশেষ ধাপ।
চায়না ইস্টার্ন জানায়, বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে পরিচালিত কুনমিং–কলকাতা রুটে সপ্তাহে ছয়টি আসা–যাওয়ার ফ্লাইট দুই দেশের পর্যটন, ব্যবসা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।
এদিকে ভারতীয় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো–ও চীনের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করছে। গত ৩০ মার্চ ইন্ডিগো কলকাতা ও সাংহাইয়ের মধ্যে তাদের প্রথম দৈনিক নন-স্টপ ফ্লাইট চালু করে। সংস্থাটি জানিয়েছে, আধুনিক এ৩২০নিও উড়োজাহাজ ব্যবহারের মাধ্যমে যাত্রীদের আরামদায়ক ও জ্বালানি–সাশ্রয়ী ভ্রমণ অভিজ্ঞতা দেওয়া হচ্ছে। এর আগে ইন্ডিগো দিল্লি ও গুয়াংঝুর মধ্যেও দৈনিক সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল।
কোভিড-১৯ মহামারী ও সীমান্ত-সংক্রান্ত অচলাবস্থার কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিশ্চিতকরণের প্রেক্ষাপটেই এসব পদক্ষেপ এসেছে। একই সঙ্গে, সম্প্রতি ছয় বছরের ব্যবধানের পর চীনসহ স্থল সীমান্ত ভাগ করা দেশগুলোর বিনিয়োগ সংক্রান্ত নির্দেশিকায় পরিবর্তনের সিদ্ধান্তও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: এএনআই


