
ছবি: সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত একটি প্রিপারেটরি স্কুলে মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, রাত ১২টা ৪ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি স্কুলের সামনে আসে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাদের মধ্যে দুইজনের মাথায় হেলমেট, বাকিদের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। তারা স্কুলের সামনে মোটরসাইকেল থামিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণের পর এক ব্যক্তি নেমে পেট্রোল বোমায় আগুন জ্বালিয়ে স্কুলের গেটের দিকে দুটি বোমা নিক্ষেপ করে। এরপর দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় তারা।
ঘটনার খবর পেয়ে মোহাম্মদপুর থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, “প্রিপারেটরি স্কুলটিকে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা ছোড়া হয়েছে। কেউ আহত হয়নি, তবে ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।”
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে করা হামলা হতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে দেখেন ধোঁয়ায় ঘেরা স্কুলের সামনে আগুন জ্বলছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এলাকা নিরাপদ ঘোষণা করে।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তকারীরা হামলার পেছনে কোনো সংগঠিত গোষ্ঠী বা রাজনৈতিক উদ্দেশ্য জড়িত কি না, তা খতিয়ে দেখছেন।
মোহাম্মদপুরের এই ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।



