
পর্যটন সংবাদ ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো এ বছর শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার অবিচল সাহসিকতার স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের শান্তিতে নোবেল প্রাপ্তি সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই।”
ইউনূস আরও উল্লেখ করেন, মাচাদো নিপীড়ন-দমন উপেক্ষা করে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজের জন্য নির্ভীক অবস্থান নিয়েছেন, যা সমগ্র বিশ্বের স্বাধীনচেতা মানুষের জন্য উদাহরণ হয়ে থাকবে।
নোবেল কমিটির উদ্ধৃতি তুলে ধরে তিনি বলেন, “গণতন্ত্র বেঁচে থাকে সেইসব মানুষের কারণে, যারা ভয়কে অগ্রাহ্য করে সত্যের পক্ষে দাঁড়ায়। স্বাধীনতা কখনোই স্বাভাবিকভাবে প্রাপ্ত কিছু নয়—এটি রক্ষা করতে হয় সাহস ও দৃঢ় মনোবলের মাধ্যমে।”
অধ্যাপক ইউনূস মনে করেন, মাচাদো শুধুমাত্র প্রতিরোধের প্রতীক নন, তিনি একটি ন্যায়সঙ্গত ও মানবিক বিশ্বের স্বপ্ন দেখার সাহস করেছেন এবং তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।



