
পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে অবস্থিত ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিকের দাবি, চোরেরা প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক জানান, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় চোরের দল দোকানটির সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কারগুলো নিয়ে গেছে।”
তিনি আরও বলেন, “মালিকপক্ষ জানিয়েছে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। তবে আমরা এখনো এই দাবির সত্যতা যাচাই করছি। দোকান ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।”
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে এটি একটি পরিকল্পিত চুরির ঘটনা বলেই মনে হচ্ছে। পুরো মার্কেটের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর ফরচুন শপিং মলের অন্যান্য দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পুলিশ আশাবাদী, খুব শিগগিরই এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।



