বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ: রোববার থেকে কার্যকর

পর্যটন সংবাদ ডেস্ক: পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী রোববার, ৫ অক্টোবর থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে।

শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সচিবালয়ের প্রবেশপথে কঠোর চেকিং করা হবে। ভেতরে কেউ পলিথিন বা নিষিদ্ধ প্লাস্টিক নিয়ে ঢুকতে চাইলে তা জব্দ করা হবে। বিকল্প হিসেবে কাগজের ব্যাগ সরবরাহ করা হবে। সচিবালয়ের ভেতরে ও চারপাশে সচেতনতা বাড়াতে সাইনবোর্ড ও ব্যানার লাগানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উদ্যোগ সফল করতে একটি মনিটরিং টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে—সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিকের বদলে পুনর্ব্যবহারযোগ্য বা পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করতে হবে।

সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট বা চামচের মতো প্লাস্টিক সামগ্রী আর ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে পাট, কাপড় বা কাগজজাত পণ্য ব্যবহার করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদেরও এসইউপি বর্জনের বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অফিস ব্যবহারের জন্য বিকল্প উপকরণ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ ও মনিটরিং কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব সচিবালয় গঠনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এ পদক্ষেপকে বিশেষজ্ঞরা দেখছেন টেকসই ও পরিবেশবান্ধব প্রশাসনিক সংস্কৃতির দিকে এক ইতিবাচক অগ্রগতি হিসেবে।

Read Previous

খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার, শিগগিরই উঠতে পারে ১৪৪ ধারা

Read Next

দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়া রুটে বিশেষ ভাড়া দিচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular