
পর্যটন সংবাদ ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জনের সময় আত্রাই নদীতে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রনি মান্দা উপজেলার বানডুবি গ্রামের রনজিত হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিবারের মতো এবারও প্রতিমা বিসর্জন উপলক্ষে নৌকাযোগে নদীতে ভাসানো হয় প্রতিমা। এসময় পরিবার ও বন্ধুদের সঙ্গে রনিও নৌকায় ছিল। শিবগঞ্জ এলাকায় পৌঁছালে নৌকাটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তেই রনি নদীতে পড়ে যায় এবং আর ভেসে ওঠেনি।
খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল দিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, “নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা একযোগে কাজ করছে। আশা করছি শিগগিরই তাকে খুঁজে পাওয়া যাবে।”



