
পর্যটন সংবাদ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) শেষ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর ৫৪তম এবং সর্বশেষ সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন। পরে তাকে জেরা করা হবে।
প্রসিকিউটর এমএইচ তামিম জানিয়েছেন, তদন্ত কর্মকর্তার জবানবন্দির অংশবিশেষ ও জব্দ করা ভিডিও প্রদর্শনী সরাসরি সম্প্রচার করা হবে। বেলা সাড়ে ১১টা থেকে এ সম্প্রচার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর এ মামলার ২২তম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত আজকের দিন ধার্য করেন। সেদিন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা সাক্ষ্য দেন এবং আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তাকে জেরা করেন।
এই মামলায় ইতিমধ্যে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষী জবানবন্দি দিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা, শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীসহ আরও কয়েকজন সাক্ষ্য দিয়েছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত ১০ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের দায় স্বীকার করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি আদালতে জানান, আন্দোলনের সময় হত্যা-গণহত্যার অভিযোগ সত্য এবং তিনি রাজসাক্ষী হয়ে ঘটনাগুলোর বিস্তারিত আদালতে উপস্থাপন করতে চান।
সেদিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং তাদের অব্যাহতির আবেদন খারিজ করে দেয়।
আজকের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এ মামলার সাক্ষ্য পর্ব শেষ হতে যাচ্ছে। এরপর আসামিপক্ষ ও প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া এগোবে।



