
পর্যটন সংবাদ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গঙ্গানগর এলাকার গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানায় এ আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা গেছে, হঠাৎ করেই কারখানার নিচতলার একটি ইউনিট থেকে আগুন দেখা দেয়। শ্রমিকরা প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানিক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উপসহকারী পরিচালক ওসমান গনি জানান, কারখানায় বিভিন্ন ধরনের কেমিকেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কারখানার মেশিনারিজ ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।



