
পর্যটন সংবাদ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশি শ্রমিক ও ভ্রমণকারীদের ভিসা বন্ধ করেছে—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দেশটি। বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
রাষ্ট্রদূত জানান, যে ওয়েবসাইট থেকে ভিসা নিষেধাজ্ঞার খবর ছড়ানো হয়েছে সেটি ইউএই সরকারের কোনো সরকারি ওয়েবসাইট নয়। ১৭ সেপ্টেম্বর “ইউএই ভিসা অনলাইন” নামে একটি বেসরকারি ওয়েবসাইটে বাংলাদেশসহ নয়টি দেশের ভিসা বন্ধের খবর প্রকাশিত হয়। পরে সেটি শনিবার বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সরকারি দপ্তরগুলো সাপ্তাহিক ছুটি শেষে বিষয়টি নিয়ে আমিরাত সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলবে। একইসঙ্গে ভিসা নিয়ে গুজব ছড়ানো বা বিশ্বাস করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।



