
পর্যটন সংবাদ ডেস্ক: সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর আবু সুফিয়ান (২৬) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে গোয়াইনঘাট উপজেলার বল্লাঘাট এলাকা থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহত সুফিয়ান গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় ইলেকট্রনিক মেকানিক ছিলেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় সাঁতার কাটতে নেমে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন সুফিয়ান। আটজন বন্ধু মিলে ঘুরতে এসে তারা পানিতে নামেন। বাকিরা সাঁতরে তীরে উঠলেও সুফিয়ান আর ফিরে আসেননি।
ঘটনার পরপরই টুরিস্ট পুলিশ, স্থানীয় ডুবুরি ও ফায়ার সার্ভিস টানা কয়েকদিন উদ্ধার অভিযান চালায়, তবে তাকে পাওয়া যায়নি। অবশেষে এক সপ্তাহ পর বল্লাঘাট এলাকায় ভেসে ওঠে তার মরদেহ।



