
পর্যটন সংবাদ ডেস্ক: ধর্মভিত্তিক ও ডানপন্থী আটটি রাজনৈতিক দল চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে। দলগুলোর মধ্যে রয়েছে জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খেলাফত মজলিস, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি (একাংশ)।
দলগুলোর নেতারা জানিয়েছেন, জুলাই সনদের স্বীকৃতি আদায় ও বাস্তবায়নের চাপ বাড়াতেই মূলত এ কর্মসূচি নেয়া হয়েছে। তাদের মতে, সরকার ও বিএনপি দু’পক্ষকেই এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে।
অন্যদিকে বিএনপির সূত্রগুলো বলছে, মহান মুক্তিযুদ্ধকে ২৪ অভ্যুত্থানের সমান্তরাল করার যে প্রস্তাব এসেছে, সেটিকে তারা সমর্থন করে না। পাশাপাশি জুলাই সনদ সংবিধানে যুক্ত করার বিষয়ে বিএনপির অবস্থান হলো—নির্বাচিত সংসদই সিদ্ধান্ত নেবে, অন্য কোনও বিকল্পে তারা রাজি নয়।
জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপির সংস্কার দলের প্রধান সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে যে প্রস্তাবগুলো এসেছে, সেগুলো সাধারণভাবে অগ্রহণযোগ্য। তবে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে যাওয়া গেলে বিএনপি সবচেয়ে খুশি হবে।”
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “শুধু নামেই সংস্কার করলে হবে না। এর আইনি ভিত্তি তৈরি অপরিহার্য। ফেব্রুয়ারির নির্বাচনের আগে সেটি নিশ্চিত করতে হবে।”
এদিকে বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে, যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি দল আলাদা সংবাদ সম্মেলন করবে। এরই ধারাবাহিকতায় আগামীকাল (রবিবার) তাদের কর্মসূচি প্রকাশ করা হবে।
চার দফা দাবিগুলো হলো:
- জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন
- আওয়ামী লীগের দোসর ও ভারতের এজেন্ট জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ
- জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন
- নির্বাচনে সমান সুযোগের পরিবেশ নিশ্চিতকরণ
বাকি দলগুলোও পর্যায়ক্রমে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের কর্মসূচি ঘোষণা করবে।



