পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চারটি হলের ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে সর্বশেষ ঘোষিত শামসুন্নাহার হলের ফলাফলেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের শিবির সমর্থিত প্রার্থীরা।
শামসুন্নাহার হলে ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম পেয়েছেন ১ হাজার ১৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪৩৪ ভোট। জিএস পদে ঐক্যবদ্ধ জোটের এস এম ফরহাদ পেয়েছেন ৮১৪ ভোট। প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৫১৭ এবং ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৩১২ ভোট।
এর আগে অমর একুশে হল, সুফিয়া কামাল হল ও ফজলুল হক মুসলিম হলের ফলাফলেও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি ও জিএস পদে এগিয়ে ছিলেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ছিলেন ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ৯১৫ জন।
ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি প্রতিটি হল সংসদের ১৩টি করে ১৮ হলে মোট ২৩৪টি পদে লড়েছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। ফলে একজন ভোটারকে সর্বমোট ৪১টি ভোট দিতে হয়েছে।
এবারের নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নেয়। এর বাইরে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দিনভর কোনো বড় ধরনের সংঘর্ষ ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হলেও আচরণবিধি ভঙ্গ ও কারচুপির অভিযোগ তুলেছেন প্রার্থীরা।



