
পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীতে ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশ মোকাবিলায় নজরদারি আরও জোরদার করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের নেপথ্যে যারা সক্রিয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানান।
বৈঠকে ৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন—অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
এ ছাড়া বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) খোদা বকশ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। বেআইনি সমাবেশ প্রতিরোধে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হবে এবং যারা এর পেছনে জড়িত থাকবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।



