
পর্যটন সংবাদ ডেস্ক: গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই সূচক ঊর্ধ্বমুখী ছিল। এ সময়ে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মূলত বি ও জেড ক্যাটাগরির শেয়ার, যেগুলো দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের কাছে ‘পচা শেয়ার’ হিসেবে পরিচিত।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ইনটেক লিমিটেডের। বি ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারদর এক সপ্তাহে ৬০ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ২৮ টাকা ২০ পয়সা থেকে দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩০ পয়সায়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। এক সপ্তাহে এ কোম্পানির শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৯৭ শতাংশ। ৫১ টাকা ৯০ পয়সা থেকে দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৫ টাকা ৯০ পয়সায়।
তৃতীয় অবস্থানে আছে এ ক্যাটাগরির বিডিকম অনলাইন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২৫ দশমিক ১৯ শতাংশ বেড়ে ২৬ টাকা ৬০ পয়সা থেকে ৩৩ টাকা ৩০ পয়সায় উঠে গেছে।
চতুর্থ অবস্থানে থাকা জেড ক্যাটাগরির শ্যামপুর সুগারের শেয়ারদর ২২ দশমিক ৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৫ টাকা ১০ পয়সায়। আর পঞ্চম স্থানে থাকা এ ক্যাটাগরির সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১-এর ইউনিট দর বেড়েছে ২২ দশমিক ৪৫ শতাংশ।
ষষ্ঠ থেকে দশম অবস্থানে জায়গা করে নিয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, আমরা টেকনোলজি, বিবিএস ক্যাবলস এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড। এদের শেয়ারদর সপ্তাহের ব্যবধানে ১৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, দরবৃদ্ধির তালিকায় বি ও জেড ক্যাটাগরির আধিপত্য নতুন করে বিনিয়োগকারীদের ঝুঁকি নিয়ে ভাবতে বাধ্য করছে। কারণ এই শেয়ারগুলো সাধারণত মৌলভিত্তি দুর্বল এবং ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।



