২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন ঘিরে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ

পর্যটন সংবাদ ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় সব ধরনের দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে গত তিন মাস ধরে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে।

ডিআইজি জিয়া জানান, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য দেশজুড়ে ১৩৪টি প্রশিক্ষণ কেন্দ্রে ধাপে ধাপে এই কার্যক্রম চলবে। ইতোমধ্যে ১৫০ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে এবং আরও ১,২৯২ জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরা পরে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেবেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে তৈরি করা হয়েছে দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং একটি বুকলেট। পাশাপাশি বাস্তবমুখী মহড়ার মাধ্যমে নির্বাচনী পরিস্থিতি সামলানোর প্রস্তুতিও নেওয়া হবে।

তিনি আরও জানান, প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে চলতি সপ্তাহের শেষ দিকে রাজারবাগ পুলিশ লাইন্সে। পুলিশের আশা, এ উদ্যোগ জাতীয় নির্বাচনের সময় সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

Read Previous

প্রচন্ড গরমে মিলাদুন্নবী সহ দুই দিনের ছুটিতে বান্দরবানের পাহাড়ি ঝর্ণায় পর্যটকের ভিড়

Read Next

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular